আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত। ভারতীয় কর্তৃপক্ষ গত কয়েকদিন আগ থেকে হিলি বন্দরের বিপরীতে ভিসা দেয়া শুরু করে। তবে ভারতীয় ইমিগ্রেশন বিভাগের প্রস্তুতি নিতে দেরি হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুর থেকে হিলি বন্দর দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার শুরু হলো।
করোনার প্রকোপ বাড়ায় ২০২০ সালের ২৩ মার্চ থেকে বন্ধ ছিল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার।
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিয়ে প্রায় দুই বছর ধরে যাত্রী পারাপার বন্ধ থাকায় বেকায়দায় পড়ে চিকিৎসা প্রত্যাশী, ব্যবসায়ী, ভ্রমণপিপাসু ও শিক্ষার্থীরা। সেইসাথে বিপাকে পড়ে এ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা।
দীর্ঘদিন পর যাত্রী পারাপার শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে এ পথ ব্যবহারকারী যাত্রীদের মাঝে। জয়পুরহাট থেকে আসা পাসপোর্টযাত্রী সাধনা সাহা জানান, দীর্ঘদিন পর এ পথে তিনি আত্মীয়ের বাড়িতে যেতে পারছেন বলে খুব খুশি তিনি। জানান, ভ্রমণভিসায় শিলিগুড়ি যাবেন তার স্বজনদের সাথে দেখা করতে।
ঠাকুরগাঁও থেকে আসা আর এক পাসপোর্টযাত্রী রন্টু সাহা জানান, তিনি ভারতে চিকিৎসার জন্য যাচ্ছেন। হিলি ইমিগ্রেশন দীর্ঘদিন বন্ধ থাকায় তিনি তার চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছিলেন। বেনাপোল সীমান্ত দিয়ে যেতে তার অনেক সময় ও অর্থ দুটোয় ব্যয় হতো। হিলি চেকপোস্ট খুলে দেয়ায় অনেক খুশি হয়েছেন তিনি।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত কুলি শ্রমিকরা জানান, করোনার কারণে দীর্ঘদিন ইমিগ্রেশন বন্ধ থাকায় তারা খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন। এতোদিন পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে ছিলেন তারা। এখন লোক পারাপার শুরু হওয়ায় তাদের আর্থিক অবস্থা ভালো হবে বলে আশাবাদী।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, এতোদিন বেনাপোল বন্দর ও আকাশ পথে ভারতে যাওয়া পাসপোর্টযাত্রীরা বিশেষ ব্যবস্থায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারলেও এই পথ দিয়ে ভারতে যাওয়া বন্ধ ছিলো। এখন থেকে হিলি পথ দিয়েই যাত্রীরা দু’দেশের মধ্যে আসা যাওয়া করতে পারবেন। ভিসায় হিলি সীমান্ত উল্লেখ থাকলেই তারা এখন এই বন্দর দিয়ে ভারতে যেতে পারবে।
সম্প্রতি ভারত সরকার হিলিসহ দেশের বেশ কয়েকটি বন্দর দিয়ে পর্যটকসহ বিভিন্ন ভিসা প্রদানের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর শুরু হয় হিলি বন্দর দিয়ে ভারতে যাওয়ার ভিসা প্রদানের কাজ।