লম্বা ছুটির কারণে চট্টগ্রাম বন্দরে তীব্র জাহাজজট দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার জেটিতে ভেড়ানোর অপেক্ষায় বহির্নোঙরে ১৭টি কনটেইনার জাহাজ আটকে আছে।
এবারের ঈদে লম্বা ছুটি ছিল দেশে। ২৯ ও ৩০ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের সরকারি ছুটি।ফলে দীর্ঘ ৬ দিন টানা ছুটির কবলে পড়ে বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সারি লম্বা হয়েছে।
জট হলে জাহাজ জেটিতে ভেড়াতে দেরি হয়। তাতে পণ্য হাতে পেতে দেরি হয়। জট দ্রুত না কমলে পণ্য হাতে পেতে দেরি হওয়ার প্রভাব পড়বে শিল্প খাতে।
বন্দর ও শিপিং এজেন্টস কর্মকর্তারা জানান, প্রতিবছর ঈদের সময় ছুটির কারণে বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা বেড়ে যায়। স্বাভাবিক হতে দেড়-দুই সপ্তাহের মতো সময় লাগে। এবারও দুই সপ্তাহের মধ্যে জাহাজের সংখ্যা কমে আসবে বলে জানান তাঁরা।
বন্দরসচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, জাহাজের সংখ্যা বাড়লেও তা সাময়িক। আগামী সপ্তাহেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বন্দর ব্যবহারকারী তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর কয়েকজন নেতা জানান, শনিবার থেকে পোশাক কারখানা সচল হবে। বন্দর থেকেও এ সময়ে পণ্য খালাস পুরোদমে শুরু হবে। পণ্য খালাস হলে বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যাও কমবে।