করোনার চাপ সামলে পৃথিবী যখন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ অপেক্ষায় নতুন অর্থবছরের (২০২২-২৩) বাজেটের জন্য। এবার ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
নতুন বাজেটে ভর্তুকি বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় সরকার। তবে অর্থনীতির সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সরকার তার ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
আগামী ৯ জুন সংসদে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেটের আকার জিডিপির ১৭ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিডিপির অংশ হিসেবে বাজেটের আকার ২ শতাংশেরও বেশি কমিয়ে আনছে সরকার।
বাজেটের আকার কমলেও আগামী অর্থবছরে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় আড়াই লাখ কোটি টাকায়। বাজেটের এ ঘাটতি জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, আগামী বজেটে সরকারের মোট ব্যয় যে জিডিপির তুলনায় কম ধরা হচ্ছে বাস্তবতার পরিপ্রেক্ষিতে তা ঠিক আছে। তবে ভর্তুকির পরিমাণ বাড়বে, তাই ঘাটতি মেটাতে রাজস্ব আয় বাড়ানোর পরামর্শ দেন তারা।