ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড়ে বাড়তে থাকায় দেশের কেন্দ্রীয় ব্যাংকও ডিজিটাল মুদ্রা চালু করা নিয়ে ভাবছে।
বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবের সময় এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড়ে বাড়তে থাকায় এর বিকল্প হিসেবে বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করার লক্ষ্যে কাজ করছে।
তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা (সিডিবিসি) চালু করার মূল উদ্দেশ্য হলো ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান-প্রদান আরো সহজ করা। পাশাপাশি স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসায়কে উৎসাহ দেয়া।
অর্থমন্ত্রী বলেন, সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে দেশে ইন্টারনেট ও ই-কমার্সের প্রসার ব্যাপক হারে বেড়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে সিডিবিসি চালুর লক্ষ্যে একটি সম্ভাব্যতা যাচাই করা হবে।