কার্ব মার্কেট বা খোলা বাজারে ডলারের দাম আরও বেড়েছে। প্রতি ডলার এখন ১০৩ টাকা করে বিক্রি হচ্ছে। রোববার (২৪ জুলাই) ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে।
খোলাবাজারে হঠাৎ করে ডলার চড়া হয়ে যাওয়ার কারণ বলতে পারছেন ব্যবসায়ীরা। সাধারণত কেউ বড় অঙ্কের ডলার সংগ্রহ করলে সংকট হয়, এ জন্য দাম বেড়ে যায়।
মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। রোববার সেটি ১০৩ টাকা ছাড়িয়ে যায়।
খোলাবাজারে ডলার ব্যবসায়ী নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খোলাবাজারে ডলার নেই, ব্যাংকেও সংকট। বেশি দামে ডলার কিনতে হচ্ছে। চাহিদার তুলনায় ডলার কম পাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রতি মুহূর্তেই দামের ওঠানামা করছে। সকালে ১০১ টাকা দিয়ে বিক্রি করেছি, বিকেলে সেটি ১০৩ টাকা হয়ে গেছে। ডলার কিনে এখন আর হাতে রাখাটাই ঝুঁকি হয়ে যাচ্ছে। কখন হঠাৎ করে কমে যায় এ ভয় থাকে।