বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড হারে কমে যাওয়ার পর পরিস্থিতি সামাল দিতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) কাছে ঋণ সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গে মঙ্গলবার (২৬ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগেই বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ আইএমএফ-এর কাছে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায়।
ঋণ চাওয়ার এই খবর সামনে আসার পর ব্লুমবার্গের ওই প্রতিবেদনে মঙ্গলবার বিকেলে বলা হয়, বাংলাদেশ সরকার আইএমএফের কাছে চিঠি লিখে অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়তা চেয়েছে।
এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির নাম প্রকাশ না করে গণমাধ্যমটি দুই পক্ষের চুক্তির একটি খসড়া দেখার দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফ বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
আইএমএফের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এই মুহূর্তে যে রিজার্ভ আছে তা দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সরকার সেখানে চার মাসের কথা বলছে।
করোনার অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অধিকাংশ দেশে অর্থনৈতিক সংকট চলছে। বাংলাদেশ এর সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে।
রিজার্ভ প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো চার হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে।