এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (৩ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।
বাজুস বলছে, স্থানীয় বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৮২ হাজার ৩৪৭ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৮ হাজার ৬১৫ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৭ হাজার ৪১৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা।
এর আগে ২৮ জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৯ জুলাই থেকে কার্যকর হয়। তারও আগে দুই দিনের ব্যবধানে দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।