ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ তুলে কান ধরে উঠবস করানো নারায়ণগঞ্জের সেই প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এবার বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
মঙ্গলবার হাসপাতালের বিছানায় শুয়ে বন্দর উপজেলার কল্যান্দী এলাকার ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পাঠানো চিঠিটি পান শ্যামল কান্তি ভক্ত।
পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ৪টি অভিযোগ আনা হয়।
চিঠিতে বলা হয়, এসব 'অবৈধ' কাজ তিনি আগেও করেছেন এবং বহুবার তাকে সতর্ক করা হয়েছে।
এদিকে, বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নারায়ণগঞ্জে প্রধান শিক্ষককে অন্যায়ভাবে যদি বরখাস্ত করা হয় তাহলে আইন তার পাশে থাকবে।
উল্লেখ্য, ধর্মনিয়ে বিতর্কিত মন্তব্য করার পর স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে গত শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানধরে উঠবস করানো হয়।
এরপর বিষয়টি মিডিয়ায় এলে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অনেকেই সমালোচনা করেন।