আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মেয়র পদে ৯৬১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন- ইসি।
বৈধ সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫১২ সাধারণ কাউন্সিলর ৯১৬৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।
শনিবার ও বোববার এ দুদিন মিলে যাচাই-বাছাই করা হয়েছে। এবছর ৫টি পৌরসভায় বিনা প্রতিন্দ্বিন্দ্বিতায় জয় লাভ করবে।
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ১০৯৬টি মনোনয়নপত্র জমা পড়েছে—এরমধ্যে বাতিল হয়েছে ১৩৫টি।
সোমবার নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শামসুল আরো বলেন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬৬৮টি আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল ১৫৬টি ও সাধারণ কাউন্সিলর পদে ৯৭৪১টি আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৭২টি বাতিল করা হয়েছে।
এ হিসেবে মোট ১৩৫০৪টি আবেদনের পর বাতিল হয়েছে ৮৬৩টি।
পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে গতকাল রোববার ৯৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রাজশাহী:
রাজশাহীতে ১২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন পুঠিয়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী মন্টু। তাহেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী এসএম আরিফুল ইসলাম, আবদুল আলীম বাবু ও সামশুন্নাহারের মনোনয়নপত্র বাতিল হয়। কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দুর্গাপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ জামাল উদ্দিন, জাতীয় পার্টির আজাহার আলী ও ওয়ার্কার্স পার্টির শামিমুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নওহাটা পৌরসভায় মনোনয়নপত্র বাতিল হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন ও হাফিজুর রহমানের।
বরিশাল :
ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নরসিংদী :
স্বতন্ত্র প্রার্থী জামাত নেতা জহিরুল ইসলাম মানিক ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে।
বগুড়া :সারিয়াকান্দি পৌরসভায় তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ ফারাজি ও সাবেক মেয়র আবদুল হামিদ সর্দার। নন্দীগ্রাম পৌরসভায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে জাসদের প্রার্থী একেএম মাহবুর রহমান রুস্তমের। কাহালু পৌরসভায় স্বতন্ত্রের আড়ালে জামায়াতের মেয়র প্রার্থী জহুরুল ইসলামের ও শেরপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী রাসেল মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শরীয়তপুর :
সদর পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম কোতোয়াল ও ডামুড্যা পৌরসভার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হুমায়ুন কবির বাচ্চু ছৈয়ালের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া ডামুড্যা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আশাফ উদ্দৌলাহ রতন ছৈয়াল, ভেদরগঞ্জ পৌরসভায় আবদুল মান্নান বেপারী, আবদুল জব্বার রাঢ়ির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর :
ছেংগারচর পৌরসভায় বিএনপি প্রার্থী সারওয়ারুল আবেদীন খোকন, কচুয়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহসান হাবিব প্রাঞ্জল, স্বতন্ত্র প্রার্থী এমএম সফিকুল ইসলাম এবং হাজীগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শাহাবুদ্দিন শাহীনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাগেরহাট :
মোরেলগঞ্জ পৌরসভায় ইসলামী আন্দোলনের প্রার্থী মোকাম্মেল হোসেন ফকিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সিরাজগঞ্জ : উল্লাপাড়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফয়সাল কাদের রুমির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দিনাজপুর :
বীরগঞ্জ পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আসাদুল ইসলাম দুলাল ও স্বতন্ত্র প্রার্থী মো.সাইফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মাদারীপুর:
শিবচরে বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর কামালসহ ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। অন্য দু'জন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আবির গোমস্তা ও তোফাজ্জেল হোসেন খান। ফলে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী আওলাদ হোসেন খানের মনোনয়নপত্র বৈধ হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন তিনি।
নওগাঁ :
নওগাঁর নজিপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আসগর আলী ও জামায়াত নেতা রমজান আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
খাগড়াছড়ি :
অ্যাডভোকেট সমারী চাকমা (স্বতন্ত্র) মনোনয়নের সঙ্গে ১শ' সমর্থনকারীর নাম জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
নাটোর :
নাটোর পৌরসভায় ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী মাহবুবুল আলমের দলীয় সম্মতিপত্র না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া বড়াইগ্রাম পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শরিফুল হক মুক্তার হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মাগুরা :
দলীয় প্রার্থিতার তথ্য-প্রমাণ না থাকায় জেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সিরাজগঞ্জ :
মেয়র পদে বাতিল প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মো. শামছুজ্জামান শেখ আলো, উল্লাপাড়া পৌরসভায় ফয়সাল কাদির রুমি ও শাহজাদপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন।
গোপালগঞ্জ :
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৌফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। এ ছাড়া বর্তমান মেয়র মো. রেজাউল হক সিকদার রাজু প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে, টুঙ্গিপাড়া পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে ওই পৌরসভায় মেয়র পদে শুধু আওয়ামী লীগের প্রার্থী শেখ আহম্মদ হোসেন মীর্জা রয়েছেন।
হবিগঞ্জ :
হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে পিপলস পার্টির মো. আবদুল কাদির আয়কর সার্টিফিকেট জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। চুনারুঘাট পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী ইফতেখারুল গণি খায়রু ও জামায়াত নেতা মীর সায়েব আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনিরামপুর (যশোর) :
ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী আবু তালেবের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
শেরপুর :
শ্রীবরদী পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রফেসর ডা. ওয়ালিউজ্জামান আশরাফি লতা, অ্যাডভোকেট শাহীদুল্লাহ শাহী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, নকলা পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. শফিউল ইসলাম, মো. আবদুর রাজ্জাক, মো. আনোয়ার হোসেন আনার ও মো. আমির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সিলেট:
বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সুহেদ আহমদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বগুড়া : শেরপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী রাসেল মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
টাঙ্গাইল : মধুপুরে আওয়ামী লীগ মনোনীত খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও বিএনপি মনোনীত এসএসএ ছোবহানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
টাঙ্গাইল : যাচাই বাছাইয়ের পর টাঙ্গাইলের বিভিন্ন পৌরসভায় ৭ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন_ সখীপুর পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ন্যাশনাল পিপলস পার্টির ফারুক হোসেন লিপু, ভুঞাপুর পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চঞ্চল, বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ধনবাড়ী পৌরসভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দলীয় প্রার্থী মঞ্জুরুল ইসলাম তপন, বিএনপির মনোনীত পৌর বিএনপির আহ্বায়ক এসএম সোবহান এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম বকুল। এ পৌরসভায় মেয়র পদে কেবল জাপা (এ) প্রার্থী অধ্যক্ষ ফেরদৌস আহমেদ পিন্টু ও স্বতন্ত্র প্রার্থী জহুরুল হক বকুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রাজবাড়ী :
পাংশা পৌরসভায় যুবদলের সভাপতি বাহারাম সরদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলায় বিএনপিসহ ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বড়লেখা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রায়না বেগমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নেত্রকোনা :
স্বতন্ত্রপ্রার্থী রুহুল আমীন ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
শ্রীপুর (গাজীপুর) : বয়স কম হওয়ায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফরহাদ আহমেদ মমতাজীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
গাইবান্ধা : গাইবান্ধা পৌরসভার মেয়র পদে প্রার্থী আরিফুল ইসলাম শাহীনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নোয়াখালী :নোয়াখালীর বিভিন্ন পৌরসভায় তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন_ চাটখিল পৌরসভার কার্তিক দেবনাথ, চৌমুহনী পৌরসভার আজিজুল বাসার ও মোরশেদুল আমিন।
খুলনা : খুলনা বিভাগের ২৯টি পৌরসভায় ১৩ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে খুলনা জেলার পাইকগাছা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ কামরুল হাসান টিপু ও আনিছুর রহমান মুক্তর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজিব উদ দৌলা, জাসদের রমজান আলী এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা শহিদুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে। সাতক্ষীরা পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী জামায়াত নেতা নুরুল হুদার মনোনয়নপত্র বাতিল হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যশোর জেলার বাঘারপাড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আবদুর রউফ ও ইসলামী আন্দোলনের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কেশবপুরে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে, প্রথমদিনে শনিবার সারাদেশে ২৩৪টি পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়। ওই দিন রাজশাহী, কুষ্টিয়া ও চাঁদপুরের ৬টি পৌরসভার ৯ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনে জমা দেয়া তথ্যে গরমিল থাকায় যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রাজশাহীর আড়ানি পৌরসভার মেয়র পদে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন ও মাসুদ পারভেজের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। খুলনায় দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
কুষ্টিয়ার সদর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা পৌরসভায় ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে, শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেয়ায় চাঁদপুরে বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
কুড়িগ্রাম পৌরসভায় কমিশনার পদে একজন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বাছাইয়ে পর বাতিল হলে তারা পরবর্তীতে আপিল করতে পারবেন। যাচাই-বাছাইয়ে অনিয়ম হলে আপিল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর প্রতীক পাবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এদিকে, পৌরসভাগুলোতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। চায়ের দোকান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, সর্বত্র চলছে আলোচনা। যোগ্য ও মেধাবী প্রার্থীদের বেছে নিতে চান ভোটাররা। ভোট দেয়ার পরিবেশ নির্বিঘ্ন করার দাবি তাদের।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন।