চতুর্থ ধাপের ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনে সহিংসতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও নরসিংদীর শ্রীনগরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দু'জন মারা গেছেন।
শনিবার ভোটগ্রহণের সময় সারাদেশে নির্বাচনী সহিংসতায় নির্বাচনী কর্মকর্তাসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।
ফেনীর শুভপুর ও ছাগলনাইয়ায় পুলিশ ও প্রতিপক্ষের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন। আর ভোট কেন্দ্র দখল, জাল ভোট ও ব্যালট পেপার না পাওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ আটক করা হয়েছে ১২ জনকে। সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
আর অনিয়মের অভিযোগ নড়াইল, নাটোর, জামালপুরসহ কয়েকটি জায়গায় ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চান্দনার বাজারে দুই সাধারণ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাপস নামে একজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জুগিরহাট হোসাইনিয়া হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে শুক্রবার রাতে জাল ভোট দেয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসার ও ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ তিন জনকে আটক করেছে পুলিশ। ওই কেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে। জেলার চান্দিনায় রাতে সিল মারার অভিযোগে জোয়াগ মাদ্রাসা কেন্দ্রেও ভোট স্থগিত করা হয়।
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনই মারামারিতে জড়িয়ে পড়ে। এসময়, ককটেল বিস্ফোরণ, গুলি চালানো ও দেশীয় অস্ত্র টেটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এতে, একজন নিহতসহ আহত হয়েছেন ২০ জন। আটক করা হয়েছেন কমপক্ষে ২ জনকে।
ভোট শুরুর পরই ফেনীর শুভপুরে ব্যালট বাক্স ছিনতাই চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময়, তাদের ঠেকাতে গুলি চালায় পুলিশ। এতে, গুলিবিদ্ধ হয়ে আহত হন ৪ জন।
এদিকে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতের প্রাথমিক বিদ্যালয়ের আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ৫ জন।
কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আখতারুজ্জামান বিশ্বাসের দেহরক্ষীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যা ব।
জামালপুরের বকশীগঞ্জে অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে, সাধুরপাড়া ইউনিয়নের একটি কেন্দ্রে জামাতের সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।
এছাড়া, ওই কেন্দ্র থেকে ৫০০ ব্যালট পেপার না পাওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া, গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর ইউনিয়নে সরকার দলীয়দের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৭ সমর্থক আহত হয়েছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ভোট চুরির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।
দিনাজপুরের পারবর্তীপুরের বেলাইচন্দীপুরে জাল ভোট দেয়ার অভিযোগে ভোট স্থগিত করা হয়েছে।