নোয়াখালীতে পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র হারুনুর রশিদ বুধবার ভোট বর্জন করেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের রশিদ কলোনিতে অবস্থিত জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
এ সময় হারুনুর রশিদ অভিযোগ করেন, সকালে ভোটগ্রহণ শুরুর আগেই প্রায় প্রতিটি কেন্দ্রের বাইরে বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান নেয়। তারা বিশেষ স্টিকারযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভোটকেন্দ্রের আশপাশে ঘেঁষতে দেয়নি। এ কারণে বেশির ভাগ সাধারণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
হারুনুর রশিদ আরো বলেন, কমপক্ষে ১৫টি কেন্দ্রে বিএনপির কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি— সরকারি দলের লোকজন প্রায় প্রতিটি ভোটকেন্দ্র দখল করে নিয়েছে এ কাজে প্রশাসনের কর্মকর্তারা সহায়তা করেছেন।
রিটার্নিং কর্মকর্তা সুব্রত কুমার দে বলেন, বিএনপির প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন— তার এজেন্টরাই কেন্দ্রে আসেনি। বহিরাগত লোকজনের কেন্দ্র দখলের অভিযোগেরও সত্যতা মেলেনি।
দেশের নয়টি পৌরসভায় আজ ভোট হচ্ছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে— চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এ বি এম জাকারিয়া, আবদুর রহমান ছাড়াও পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।