সাংবিধানিক দায়িত্ব পালনে কারো সঙ্গে কোনো আপস না করার অঙ্গীকার করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। বুধবার শপথ নেয়ার পর কর্মস্থল নির্বাচন কমিশনে (ইসি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা বড় চ্যালেঞ্চ উল্লেখ করে সিইসি আরো বলেন, যাতে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয় সেই আস্থার জায়গা তৈরি করবে নির্বাচন কমিশন (ইসি)। আর এ কাজে সরকারসহ সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
বিকেলে সুপ্রিম কোর্টে শপথ গ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে পৌঁছালে, প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে স্বাগত জানান কমিশনের কর্মকর্তারা।
এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চার কমিশনারদের সঙ্গে নিয়ে গণমাধ্যমের সামনে আসেন সিইসি কেএম নুরুল হুদা। তুলে ধরেন আগামী পাঁচ বছরের চ্যালেঞ্চ, প্রত্যয়ের কথা।
৫ মিনিটের লিখিত বক্তব্যে স্মার্ট কার্ড বিতরণ, ইভিএমের ব্যবহারসহ নির্বাচন কমিশনের ওপরে যেসব দায়িত্ব রয়েছে তার দ্রুত ও যথাযথ পালনের এবং নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালনের অঙ্গীকার করে কেএম নুরুল হুদা বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি আরো বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে সচেষ্ট থাকবেন তারা।
বিগত দিনে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি বলেন, তাকে নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, তার ভিত্তি নেই।