উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের যে কোনো বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)— বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। শনিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ঝূঁকিপূর্ণ ২৪ উপজেলায় অতিরিক্ত বিজিবি ও র্যাবও মোতায়েন করেছে কমিশন। শান্তির্পূণ পরিবেশে নির্বাচন করতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচনে ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য কমিশন ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদারসহ সব ধরণের প্রস্তুতি শেষ করেছে।
নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলাসহ যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কমিশন কঠোর ভূমিকা রাখবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন হেলালুদ্দীন আহমদ।
নির্বাচনে সব প্রার্থীরা যাতে সমান সুযোগের পাশাপাশি ভোটকেন্দ্র প্রভাবমুক্ত রাখতে কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রত্যাহারসহ বেশ কিছু পদক্ষেপের কথাও তুলে ধরেন ইসি সচিব।
এবারের নির্বাচনে চার সদর উপজেলায় ইভিএম ব্যবহার হচ্ছে বলেও উল্লেখ করেন হেলালুদ্দীন আহমদ।