ঢাকার দুই সিটি নির্বাচনে ৩০ শতাংশের নিচে ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা । তিনি বলেছেন, উভয় সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৩০ শতাংশের নিচে ভোট পড়লেও নির্বাচন ভালো হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার দুই সিটির ভোট শেষ হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সিইসি বলেন, যারা ইভিএম এ ভোট দিয়েছেন তারা কেউ খারাপ বলেননি। বলেছে একটু জটিল বা একটু দেরি হয়েছে। অধিকাংশ লোক বলেছে যে, ইভিএমে ভোট দিয়ে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করেছি। ইভিএমে একজনের ভোট আরেকজন দিতে পারে না। একবার ভোট দিলে ওই লোক দ্বিতীয়বার আর ভোট দিতে পারে না।
এজেন্ট বের করে দেওয়ার প্রশ্নে সিইসি বলেন, এজেন্ট বের করে দেওয়ার ব্যাপারে কোনো এজেন্ট অভিযোগ করেনি। আমি যেখানে গিয়েছি, সেখানে সবদলের এজেন্ট ছিল। আমি যেখানে ভোট দিয়েছি, সেখানে জিজ্ঞেস করেছি, সবার এজেন্ট ছিল। এছাড়া এজেন্টদেরও টিকে থাকার সামর্থ্য থাকতে হবে। একজন বললেই বেরিয়ে গেলে সেটা ম্যানেজ করা কঠিন।
তিনি বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের। আর ভোটকেন্দ্রে এজেন্টদের যদি বের করে দেওয়া হয়, আমাদের কাছে অভিযোগ করতে হবে। এ রকম অভিযোগ আমি পাইনি। নির্বাচন কমিশনে কেউ পায়নি।
নূরুল হুদা বলেন, কোনো ভোটার ভোট না দিয়ে আসেনি। কোনো ভোটার বলেননি যে, ভোট দিতে গিয়ে আমি ভোট দিতে পারিনি। ফিঙ্গার প্রিন্ট রেখে ভোটার বের করে দেওয়ার কোনো অভিযোগও পাইনি।