ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে সকাল থেকেই সড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন সড়কের এ চিত্র দেখা গেছে। এসময় সড়কে গাড়ির পরিমান ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সড়কে বিভিন্ন পরিবহনের মিনিবাস, সিএনজি , চলাচল করছে। যার সংখ্যা সপ্তাহের অন্য দিনের তুলনায় বেশ কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব যানবাহনের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে রাস্তায় প্রাইভেটকারের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।
অন্যদিকে নির্বিঘ্নে চলাচলে সড়কে বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি। সড়কে গাড়িবহর নিয়ে টহল দিতে দেখা গেছে র্যাব ও পুলিশ সদস্যদের।
এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কিছু নেতা-কর্মী। এসময় তারা হরতালের সমর্থনে এবং সরকারের বিপক্ষে নানা স্লোগান দেন।