কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ট্রাকে করে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। মঙ্গলবার (১৪ জুন) ভোটের আগের দিন কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম বিতরণ করা হচ্ছে।
সিটি নির্বাচনে ২ লাখের বেশি ভোটার ১০৫ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৫টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।
সেখানে অবস্থানরত কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী দেশ টিভিকে জানান, আমরা সুষ্ঠু ভোট করার জন্য বদ্ধপরিকর। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্কুলার অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। জেলা প্রশাসক, পুলিশের কর্মকর্তারা সবাই সজাগ থাকবেন। এছাড়া বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা না ঘটে। আমি আশাবাদী, একটি ভালো নির্বাচন হবে।
ইভিএম নিতে আসা ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আশা করি ইভিএমের মাধ্যমে একটি সুন্দর ও পরিকল্পিত নির্বাচন হবে। ইভিএমের মাধ্যমে কোনো ঝামেলা হবে না। আমরা সরকারের দায়িত্ব ভালোভাবে পালন করব ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরই মধ্যে আমরা ভোট কেন্দ্র প্রস্তুত করেছি। এখন মালামালগুলো নিয়ে গিয়ে বিকেল পাঁচটার মধ্যেই চালু করব। কোনো সমস্যা হলে জানাব। নির্বান কমিশন সমাধান করবে।
জানা গেছে, কুমিল্লার নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।