কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বুধবার (১৫ জুন) সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। ইভিএমে ভোট দিয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।
নারীদের ভোটকেন্দ্র কুমিল্লা হাইস্কুলে গিয়ে দেখা যায়, আটটার আগেই অনেকে কেন্দ্রে চলে এসেছেন। দেশ টিভির প্রতিবেদক মৌ খন্দকার বেশ কয়েক জন নারী ভোটারের কাছে ইভিএম নিয়ে প্রশ্ন করেন।
একজন এভাবে জবাব দেন, ‘এটা (ইভিএম) অনেক ভালো হইছে। অনেক সহজ হইছে।’
আরেক নারী ভোটার বলেন, ‘অনেক ভালো (ইভিএম পদ্ধতি) হয়েছে। ভালো লাগতেছে। অনেক সহজ হইছে।’
গতবারের মতো এবারও কুমিল্লা সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো এই সিটির প্রতিটি কেন্দ্রে এসেছে সিসি ক্যামেরার আওতায়।

ভোটারদের লাইন
দেশে প্রথমবারের মত সিসি ক্যামেরা বসিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই সিদ্ধান্ত অনুযায়ী কুসিকের ১০৫টি ভোটকেন্দ্র থাকছে ৮৫০টি সিসি ক্যামেরা।
এবার ২ লাখের বেশি ভোটার ১০৫ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন এসআইয়ের নেতৃতে আছেন পাঁচজন করে পুলিশ সদস্য। এছাড়া আটজন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে। পুলিশ ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স রয়েছে মাঠে।