ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে দেয়ার ঘটনায় শিশুসহ ৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক ব্যক্তি।
দেশটির নিস শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক মানুষ। পুলিশের গুলিতে নিহত হামলাকারী তিউনিশীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক বলে জানা গেছে।
এদিকে, সর্বশক্তি দিয়ে সন্ত্রাস মোকাবেলার অঙ্গীকার করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। সিরিয়া ও ইরাকে আইএসবিরোধী অভিযান জোরদারের ঘোষণাও দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, চীন, অস্ট্রেলিয়া, স্পেন, ভারত ও কানাডার প্রধানমন্ত্রী এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
বাস্তিল দিবস উদযাপন করতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরে আতশবাজির উৎসবে জড়ো হন বহু লোক। শহরের বিখ্যাত প্রমেনেদ দে অংলে চত্বরে উৎফুল্ল জনতার ওপর ৭৫ টনের সাদা রঙের একটি ট্রাক তুলে দেয় এর চালক। সেইসঙ্গে গুলিবর্ষণও করে।
ভিড়ের মধ্যে প্রায় দুই কিলোমিটারেরও বেশি রাস্তা এগিয়ে যায় ট্রাকটি। বহু মানুষ হতাহত হয়। এ সময় আতঙ্কিত মানুষ দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করে।
পুলিশও সঙ্গে সঙ্গে গুলি চালায়। গুলিতে ট্রাক চালক নিহত হয়েছে। সে তিউনিসীয় বংশোদ্ভুত ফরাসী নাগরিক বলে জানা গেছে। পরে ট্রাকের ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়।
ফ্রান্স সরকার এটাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। এ ব্যাপারে জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ। জাতির উদ্দেশ্যে ভাষণে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে সর্বশক্তি দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এছাড়া গত বছর প্যারিসে সন্ত্রাসী হামলায় ঘটনায় দেশটিতে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও ৩ মাস বাড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি।
ফ্রান্সের জাতীয় দিবসের উৎসবে এ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘসহ বিশ্বনেতারা। এটিকে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেন, যুক্তরাষ্ট্র ফ্রান্সের পাশে রয়েছে।