লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সংগৃহিত ১৩টি আলামত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) সদস্যদের কাছে হস্তান্তর করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন সংস্থাটির মুখপাত্র মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, এফবিআইয়ের পরীক্ষাগারে আলামত পরীক্ষার ফল অপরাধি শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়ের ওপর হামলা হয়। ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।
পরে আহত বন্যাকে নেয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। ৩ মার্চ বন্যা উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।
অভিজিৎ রায় ও বন্যা দুই জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। অভিজিৎ হত্যা তদন্তে সহায়তা করতে ৪ মার্চ ঢাকায় আসেন এফবিআই কর্মকর্তা ড্যান ক্লেগ, জাগদীপ সিং, ক্রিস ও উইলিয়াম।