মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ও আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের দপ্তর থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
জানা গেছে, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি আজ রাতেই ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছাবে।
রায় পৌঁছানোর পর ফাঁসির দুই আসামিকে তা শোনানো হবে এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়েও জানতে চাওয়া হবে।
এর আগে দুপুরে সাকা চৌধুরীর ও মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন তাদের পরিবারের সদস্যরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করার পর তার ছোট ছেলে সাংবাদিকদের কাছে বলেন, রাষ্ট্রের একজন অভিভাবক- রাষ্ট্রপতির কাছে তার আইনজীবীর মাধ্যমে সিদ্ধান্তের কথা জানাবেন।
এদিকে, বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করে।
রায়ে সাকা ও মুজাহিদের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দেয় আদালত। চূড়ান্ত এ রায়ে এ যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড বহাল রাখে আদালত।
এটি সাকা চৌধুরী ও মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত আদেশ।