বুদ্ধিজীবিদের প্রতি বিএনপি নেত্রী খালেদা জিয়ার শ্রদ্ধা জানানোকে জাতির সঙ্গে তামাশা— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের হাতে স্বাধীনতার পতাকা তুলে দিয়ে খালেদা জিয়া স্বামীর ধারাবাহিকতাই রক্ষা করেছেন।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচার চলবে আর এ বিচার যারা বন্ধ করার চেষ্টা করবে, তাদেরও বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশকে অকার্যকর করতেই বিজয়ের আগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করা হয় আর সেই হত্যাকারীদের জিয়াউর রহমান পথ ধরে এদেশে প্রতিষ্ঠিত করেছে বিএনপি নেত্রী।
প্রশ্ন তোলেন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে কী বোঝাতে চান খালেদা জিয়া।
প্রধানমন্ত্রী আরো বলেন, লজ্জা থাকলে কোনো মুক্তিযোদ্ধা বিএনপি নেত্রীর পাশে থাকত না। আজও এদেশে পাকিস্তানের দোসর রয়েছে। দৃঢ়কণ্ঠে বঙ্গবন্ধু তনয়া জানিয়ে দেন, এদের বিঁষদাত ভেঙে দেয়া হবে।
দেশে ন্যায়বিচারের পথ উন্মুক্ত করতেই অনেক চাপ থাকা সত্ত্বেও তার সরকার যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে বদ্ধ পরিকর বলে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে অভিশাপ মুক্ত হবে বাংলাদেশ।
সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তার সরকার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণ করবেই বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।