বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কারিগরি এবং প্রশিক্ষণ সংক্রান্ত সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
সোমবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এ কথা জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন-সন্ত্রাসের ভিকটিম আমি নিজেও।’
গুলশান হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেখা গেছে এসব ঘটনায় বড় লোকের ছেলেরা জড়িত— এর শিকড় খুঁজে বের করতে হবে। কারা তাদের রিক্রুট করে, এর পেছনে কারা আছে-তাও খুঁজে বের করতে হবে।
‘সরকার সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে— এসব দমনে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।’
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেন, এ ধরনের সন্ত্রাস একটা চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে আমরা এক সঙ্গে কাজ করতে চাই।
সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে কারিগরি ও প্রশিক্ষণ বিষয়ক সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান তিনি।
নিশা বলেন, যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় তারা তা রিলিজিয়াস স্পিরিট থেকে করে না। অ্যাডভেঞ্চার থেকে এসব করে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকার্ট প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুইদিনের সফরে রোববার সকালে ঢাকা আসেন নিশা। সফরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
প্রসঙ্গত, ১ জুলাই (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল।
এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরও ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।