বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানে জঙ্গি হামলা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সবসময় নয়াদিল্লিকে তার পাশে পাবে।
বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ-ভারত বাণিজ্যের বিকাশ বিষয়ে মোদি বলেন, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হতে যাচ্ছে— প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কাণ্ডারি। ব্যবসা-বাণিজ্যের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরো উপরে যাবে এবং দুই দেশের মধ্যে উন্নতি বৃদ্ধি হবে।
সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনা যেভাবে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা হয়েছে, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পাশে ভারত আগেও ছিল, এখনও আছে। যেকোনো ধরনের সহযোগিতায় ভারত সরকার আপনাদের পাশে থাকবে।
এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন সমস্যা হলে তা দ্বিপাক্ষিক আলোচনা মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চেকপোস্টের কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য আরো বাড়বে।
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল ও পেট্রাপোল সমন্বিত চেকপোস্টের উদ্বোধন করেন।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেকপোস্টের উদ্বোধন করা হয়।
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশে ২টি চেকপোস্টের উদ্বোধন করেন।
এ সময় ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কার্যালয় থেকে যোগ দেন।