টিআর ও কাবিখা নিয়ে দেয়া বক্তব্যে সংসদ সদস্যদের সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা তাকে ক্ষমা চাইতে বলেন।
এমপিদের চাপের মুখে তথ্যমন্ত্রী বলেন, যে বক্তব্য তা ছিলো অনভিপ্রেত। সংসদ সদস্যরা যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে আমি দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা চাচ্ছি।
প্রথমে এমপিদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী তার বক্তব্যের ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে ক্ষমা না চাওয়ায় এমপিরা হৈ চৈ শুরু করেন।
বিশেষ করে জাতীয় পার্টির আবু হোসেন বাবলা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুঃখ প্রকাশ করলে হবে না, তথ্যমন্ত্রী নিঃস্বার্থে ক্ষমা চাইতে হবে, নইলে আমরা শান্ত হব না।
এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিদের উদ্দেশে বলেন, আপনারা অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে কথা বলেছেন, মন্ত্রী তার ব্যাখ্যা দিয়েছেন। এরপর আপনারা আর কী ব্যাখা দাবি করেন?
এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে উপস্থিত ছিলেন।
গতকাল রোববার ঢাকায় পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী টিআর ও কাবিখা নিয়ে কথা বলেন। ওই বক্তব্য নিয়ে সরকারের মন্ত্রী-সাংসদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এরপরই তথ্যমন্ত্রী জাতীয় সংসদে এ বিষয়ে ৩০০ বিধিতে বক্তব্য দেন। সেখানে দুঃখপ্রকাশ করে ক্ষমা চান তিনি।