আজ জাতীয় শোক দিবস-বাঙালির শোকের দিন, শোকে-শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করছে জাতি।
সোমবার দিনটি উপলক্ষে রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
পরে দলের পক্ষে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর বনানী করবস্থানে ১৫ আগস্টে নিহত স্বজনদের স্মরণে শ্রদ্ধা জানানোর পর ফাতেহা পাঠ করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী—১৯৭৫ সালের এদিন কতিপয় বিপথগামী সেনা সদস্য সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুকে। দিনটিকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
বঙ্গবন্ধুর সমাধি ও প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নেয়া হয়েছে নানা রাষ্ট্রীয় কর্মসূচি।
বাঙালি জাতির জীবনে কলঙ্কিত একটি দিন ১৫ আগস্ট। একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের এদিনে, কতিপয় রাজনৈতিক কুচক্রীর যোগসাজসে, সেনাবাহিনীতে ঘাপটি মেরে থাকা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সপরিবারে হত্যা করে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে। সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী- এদিন জাতীয় শোক দিবস— রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। উত্তোলন করা হয়েছে কালো পতাকা।
শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সকালেই দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র সালাম জানিয়েছে তিন বাহিনী। পরে প্রধানমন্ত্রী অংশ নিবেন মিলাদ ও দোয়া মাহফিলে। বাদ জোহর সকল ধর্মীয় উপসনালয়ে হবে বিশেষ প্রার্থনা।
বাদ আছর বঙ্গবন্ধু ভবনে মহিলা মহিলা আওয়ামী লীগের মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
১৬ আগস্ট, মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের আলোচনা সভা। এতে সভাপতির ভাষণ দেবেন দলের সভানেত্রী শেখ হাসিনা।