জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা প্রধানমন্ত্রী। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। জাতির পিতার প্রতি প্রদর্শন করা হয় রাষ্ট্রীয় সালাম—এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। সমাধি সৌধের বেদিমূলে কিছুক্ষণ তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা অশ্রুসজল হয়ে পড়েন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রী পরিষদের সদস্য, সাংসদ ও বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে অবস্থান করেন। বেলা ১১টায় মাজার কমপ্লেক্স মসজিদে মন্ত্রী পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়্।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। দুপুর ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টর যোগে ঢাকার উদ্দেশে রওনা হন।
দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হচ্ছে।