রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান এখনো কিছু জানাননি — বলেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগারে ৪৯তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় কারামহাপরিদর্শক আরো বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য মুফতি হান্নান সাতদিনের সময় পাবেন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। ফেরার পথে ফটকের কাছে গ্রেনেড হামলায় আনোয়ার চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হন আর নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ ৩ জন।
এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল জঙ্গি নেতা মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
গত বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। গত ৭ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে মুফতি হান্নানসহ ৩ জঙ্গির আপিল শুনানি শেষে আপিল বিভাগ খারিজ করেন।