ভারতের সঙ্গে যেমন বন্ধুত্ব রাখি তেমনি ন্যায্য দাবিও আদায় করি— এটাই আমাদের নীতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার বিকেলে কক্সবাজারের বঙ্গোপসাগরপাড়ের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় বলেই জনগণ তাদের ভোট দেয় জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি জনগণের দুর্দিনেও নেই, উন্নয়নেও নেই। রামু-উখিয়ার ঘটনার সঙ্গে বিএনপি জামাত জড়িত ।
তিনি বলেন, নির্বাচনে না গিয়ে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। রামু-উখিয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঘরবাড়ি-উপাসনালয়ে হামলার ঘটনার সঙ্গে বিএনপি জামাত জড়িত বলেও তিনি অভিযোগ করেন।
দেশের অধিকার আদায়ে আওয়ামী লীগ সর্বদা সচেষ্ট বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে যেমন বন্ধুত্ব রাখেন তেমনি ন্যায্য দাবিও তার সরকারই আদায় করতে পারে।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কক্সবাজারে যারা ইয়াবা পাচারে জড়িত তাদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদের মাধ্যমে যারা ইসলামকে কলুষিত করছে তাদেরকে বরদাশত করা হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।