বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায় হল ১৯৭১ সালের নয়টি মাস। বাংলাদেশের চব্বিশ বছরের স্বাধিকার আন্দোলন ও সংগ্রাম রূপান্তরিত হয় মহান স্বাধীনতার যুদ্ধে। ওই নয়টি মাসের রক্তক্ষয়ী যুদ্ধের হাল ধরে যিনি তাঁর প্রিয় মাতৃভূমিকে বিজয়ের দুয়ারে পৌঁছে দিয়েছিলেন, তিনি তাজউদ্দীন আহমদ- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা যুদ্ধের অবিস্মরণীয় অধ্যায়ের অনন্য নেতা ও রাষ্ট্রনায়ক।
জন্মবার্ষিকীতে পর্দার অন্তরালের এই নায়ককে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি।
খাঁটি নেতা তিনিই যিনি অন্যের বেদনার ভার নিজ কাঁধে বহন করেন ও মুক্তির পিচ্ছিল পথটির প্রদর্শক হন প্রজ্ঞা, সাহস, সততা ও দক্ষতার আলো ছড়িয়ে। রাষ্ট্রনায়ক ভাবেন শত বছর পরের কথা। সেই অনুযায়ী তিনি সমুখে চলার পথের মানচিত্র নির্মাণ করেন; জনকল্যাণভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়েন গণমানুষকে সঙ্গে নিয়ে।
বাঙালি জাতীয়তাবাদ চেতনার প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণা। তাজউদ্দীন আহমদ সেই প্রেরণাকে প্রবাহিত করেছিলেন সুনির্দিষ্ট পথে। পাকিস্তানের কারাগারে অন্তরীণ বঙ্গবন্ধুর অবর্তমানে তাজউদ্দীন তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে শক্তি সঞ্চার করেছিলেন এক আপোষহীন স্বাধীনতা অর্জনের লক্ষ্যে।
তাজউদ্দীন আহমদের কথা ও তাঁর প্রতিটি কাজের মধ্যে আমরা দেখি মাতৃভূমির মর্যাদারক্ষায় তীক্ষ্ণ, সজাগ, দূরদর্শী ও গণতান্ত্রিক মূল্যবোধে সমৃদ্ধ এক আত্মপ্রচারবিমুখ ত্যাগী নেতা ও মানুষকে। নতুন প্রজন্ম তাঁকে ও তাঁর মতো ইতিহাস নির্মাণকারীদের যতই চিনবে ততই উজ্জ্বল হবে ইতিহাসের আকাশ ও ভবিষ্যতের পথটি।
মুছে যাক আমার নাম কিন্তু বেঁচে থাক বাংলাদেশ-তাজউদ্দীন আহমেদ।
তাজউদ্দীন এবং মুক্তিযুদ্ধের চেতনা চিরজীবী হোক।
লেখক: যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।