গত ৫ জানুয়ারির প্রহসনের নিবার্চনের মাধ্যমে ক্ষমতা দখলকারীদের আশা পূরণে নির্বাচন কমিশন (ইসি) অত্যন্ত আজ্ঞাবহ ক্রীতদাসের ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন অভিযোগ করেন, বিএনপি সমর্থিত নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা যাতে শপথ নিতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আর উপজেলা নির্বাচনকে ঘিরে যে সহিংসতা শুরু হয়েছে তা এখনো অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘উপজেলা নির্বাচেনর প্রতিটি ধাপে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরব রেখে এবং সক্রিয়ভাবে তাদেরকে সরকার দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়ে সরকারদলীয় চেয়ারম্যানপদ প্রার্থীদের জয়ী করার জন্য নির্লজ্জ ভূমিকা পালন করেছে এ অপদার্থ নির্বাচন কমিশন। বিরোধীদল সমর্থীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন। অনেকের বিরুদ্ধে সাজানো ও বানোয়ট মামলা দায়ের করা হচ্ছে যাতে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে না পারে।’
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জনগণের কাছে বর্তমান সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন যুগ্ম মহাসচিব।