জিয়াউর রহমানকে যারা দেশের প্রথম রাষ্ট্রপতি স্বীকার করে না তারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধেই বিশ্বাস করে না, তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয়তাবাদী কর্মজীবী দলের সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে জিয়াউর রহমানই দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে তার ব্যাখ্যা দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘২৫ মার্চ-১৭ এপ্রিল এ ২৩ দিন বাংলাদেশের যুদ্ধ কার নেতৃত্বে চলেছিলো? জিয়াউর রহমান একদিনের জন্য হোক আর ২৩ দিনের জন্য হোক তিনি তো রাষ্ট্রপতি ছিলেন। কারণ ২৫ মার্চে জিয়াউর রহমান ভাষণ দেন।’
সরকার গুম-খুনের মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে রয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা। বিএনপির বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অশালীন বক্তব্য করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, অপর এক আলোচনায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, সংবিধানে বলা আছে, এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন হতে পারে। সে ক্ষেত্রে একজন প্রধান নির্বাচন কমিশনার হতে পারেন। কিন্তু সংবিধানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের কথা বলা নেই। এটা সাংবিধানিক পদ। নির্বাচন কমিশনার আবদুল মোবারককে ভারপ্রাপ্ত প্রধান কমিশনার করার আইনগত কোনো ভিত্তি নেই।
এ সময় বিএনপিকে নিয়ে দেয়া ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার মোবারকের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ওই কমিশনার বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের ক্যাডারদেরও ছাড়িয়ে গেছেন।