জিয়াউর রহমানকে আবারো দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একাত্তরের ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল এ ২৩ দিন জিয়ার অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বন্ধ হয়ে যাওয়া আমার দেশ পত্রিকার খুলে দেয়া ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন (ড্যাব) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাচনকে ‘ডাকাতির’ নির্বাচন আখ্যায়িত করে এ নির্বাচন বাতিলের দাবি করে বিএনপির এ নেতা আরো বলেন, তিস্তাসহ বিভিন্ন ইস্যুতে সুবিধা আদায় ছাড়াই দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে সুবিধা দেয়া হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের হুকুমের গোলামের মতো কাজ করে।
এদিকে, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সরকারকে অবৈধ আখ্যায়িত করে বলেন, তারা গুম-খুনের মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে রয়েছে।
উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়নি এমন মন্তব্য করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানিয়ে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনের যে ফলাফল সেটা আমরা মানি না। এ নির্বাচন নতুন করে দিতে হবে, নতুন করে উপজেলা নির্বাচন আমরা চাই। কাজেই আমরা এ সরকারের মাধ্যমে নির্বাচন করবো না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচন নিরপেক্ষ হবে না, সেটাতে জালিয়াতি হবে।’
নোমান হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, বিএনপির আন্দোলন করতে হবে না, জনরোষেই এ স্বৈরাচার সরকারের পতন হবে।