হয়রানি করতেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মামলা না থাকলেও সরকার খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট এখনও খুলে দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিষয়টিকে নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকারের পরিপন্থি—এ কথা উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, সরকারের এ আচরণ দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। জব্দ ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে একটি প্রতিবেদন নিয়ে মন্ত্রী-সাংসদদের অযৌক্তিক প্রতিক্রিয়া মাধ্যমে প্রমাণ করছে বর্তমান সরকার অস্তিত্ব সংকটে রয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্য এ সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় সাড়ে তিন দশকের বসত বাড়ি থেকে উচ্ছেদ করার পর দেশ নেত্রীকে বাধ্য হয়ে ভাড়া বাসায় থাকতে হচ্ছে। একটি প্রতিবেদন নিয়ে সরকার ও সরকারি দলের প্রতিক্রিয়া থেকে প্রমাণিত হয় এ সরকার অস্তিত্ত্ব সঙ্কটে রয়েছে। আমরা মনে করা অস্বাভাবিক উচ্চাকণ্ঠ কিংবা খিস্কি খেয়োর দিয়ে অস্তিত্ত্ব সঙ্কটে থেকে মুক্তি পাওয়া যাবে না।’
এছাড়া, প্রতিহিংসামূল রাজনীতির জন্যই সরকার খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে এবং ভাড়া বাড়িতে থাকতে বাধ্য করেছে বলেও জানান বিএনপির এ নেতা।