ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার জনগণের করের অর্থে পরিচালিত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধেই ব্যবহার করছে— এ অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
তারা বলেন, বিএনপিকে দমনে সরকার সারাদেশে ‘গুম-খুনের’ মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। দলের চেয়ারপারসনসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার অভিযোগও তুলেছেন তারা। দেশে গণতন্ত্র আজ নির্বাসিত- এমন দাবিও তাদের।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে এবং আটক নেতাদের মুক্তির দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ছাত্রদল। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, বিএনপিকে দমনে সবধরনের পদ্ধতিই অবলম্বন করেছে সরকার।
এ সময়, তিস্তাসহ বিভিন্ন ইস্যুতে কোনো সুবিধা আদায় ছাড়াই ভারতের এক অংশ থেকে অন্য অংশে বিদ্যুৎ নেওয়ার জন্য বাংলাদেশ করিডোর সুবিধা দিয়েছে বলেও অভিযোগও তোলেন তিনি।
জিয়াউর রহমানের ঘোষণা অনুযায়ী স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বলে দাবি করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। হুঁশিয়ারি দিয়ে বলেন, তীব্র আন্দোলনে সরকারের পতন ঘটবে।