বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এখন পাকিস্তানি এজেন্ডা বস্তবায়নের চেষ্টায় ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সাকির্ট হাউজের হল রুমে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের একযৌথ কর্মীসভায় এ কথা বলেন।
বিগত সময়ে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে তিনি ব্যর্থ হয়েছেন উল্লেখ করে হনিফ বলেন, তার (তারেক) কোনো চেষ্টায় সফল হবে না।
তিনি বলেন, তারেক রহমান নির্লজ্জ মিথ্যাবাদী ও মূর্খ। বঙ্গবন্ধু এবং স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে তার মিথ্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। সে এখন ইতিহাস বিকৃতি করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে।
মূলত একাত্তরের পরাজিত শক্তি জামাতকে প্রতিষ্ঠিত করতেই বিএনপি মিথ্যাচার করছে বলে হানিফ দাবি করেন।
মহান মুক্তিযুদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, ৫২এর ভাষা আন্দোলন, ৫৪এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২এর ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যূত্থান ও ৭০-এর নির্বাচনের ধারাবাহিকতায় ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।
তিনি বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তবে ওই সময় তিনি (মুজিব) পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী করা হয়েছিল।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, মুজিব নগর সরকারের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পরর্তীতে ১৯৭২ সালের ১২ জানুয়ারি পার্লামেন্টের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় এ সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।