সরকার রাষ্ট্রযন্ত্রকে নিজেদের কব্জায় নিয়ে বিএনপিকে ‘নিশ্চিহ্ন’ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীতে বন্ধ করে দেয়া ‘আমার দেশ’ পত্রিকা খুলে দেয়ার দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি দাবি, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে। তবে সব ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এ নেতা।
ফখরুল অভিযোগ করেন সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও নির্যাতনসহ সবধরনের নিপীড়নই চালাচ্ছে।
তার দল নিজেদের লক্ষ্য আদায়ে বদ্ধপরিকর বলে জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে ফরহাদ মাজহার বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন এখনই আন্দোলনে না নামলে দল নিশ্চিহ্ন হয়ে যাবে।
এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দল নয় এবং কখনোই হবে না।
তার এমন বক্তব্যে অপমাণিত বোধ করেন ফরহাদ মাজহার। পরে রফিকুল ইসলাম মিয়া পরিস্থিতি শান্ত করেন।