সরকারদলীয় নেতারা সংসদে জনসম্পৃক্ত বিষয় নিয়ে কথা না বলে তারেক রহমানকে ব্যক্তিগতভাবে আক্রমন ও চরিত্রহননের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দেশের গণতন্ত্রকে হত্যা করে সরকার গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেছেন তারা।
বন্ধ করে দেয়া ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া দাবি করেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা বিচারবিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করছে।
সেইসঙ্গে জাতীয় সংসদে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া সরকারদলীয় সাংসদদের বক্তব্যেরও সমালোচনা করেন রফিকুল।
এদিকে, স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার বিরোধীশক্তির কন্ঠরোধ করতে মিথ্যা মামলাসহ গুম-খুনের রাজনীতি বেছে নিয়েছে।
বিএনপি দমনে প্রশাসন ও বিচারবিভাগকে সরকার কুক্ষিগত করে রেখেছে এমন অভিযোগও দলটির নেতাদের।