বিএনপরি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন –জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার রাজধানীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হলে তিনি ওই আবেদনের ব্যাপারে সুবিধা পাবেন—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ কারণেই তিনি ইতিহাস বিকৃত করে বক্তব্য দিচ্ছেন।
তিনি নিজেই রাষ্ট্রদ্রোহের মামলার আসামি হতে চাচ্ছেন— সরকার তার এ ফাঁদে পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
আনিসুল হক বলেন, তারেকের বক্তব্যে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিশীলতা তৈরি হয়েছে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য সরকারের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ।
মন্ত্রী বলেন, ‘তারেক রহমান একটা ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছেন তিনি দেশে ফিরে যেতে পারবেন না এ মর্মে। এজন্য তিনি লন্ডনে পলিটিক্যাল অ্যাজাইলাম চেয়েছেন। এখন পলিটিক্যাল অ্যাজাইলাম চাওয়ার জন্য বা সেই দরখাস্তকে আরো সুদৃঢ় করার জন্য তিনি পরিকল্পনা করেছেন। তিনি এসব কথা বলে আমাদেরকে দিয়ে একটা মামলা করানো বা রাষ্ট্রদ্রোহিতার একটা মামলা করানোর জন্য পরিকল্পনা ফাঁদ পেতেছেন। মামলার ফাঁদে আমাদেরকে ফেলে দেয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা বলতে চাই, তারেক রহমান শোনেন বা না শোনেন আমরা এ ফাঁদে পা দেবো না।’