দেশে ‘গুম-খুন’ ও ‘বিচারবহির্ভূত হত্যা’ বন্ধ না হলে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়া এবং জঙ্গিবাদের উত্থান ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। নিখোঁজের দুই বছরেও ইলিয়াস আলীর সন্ধান দিতে না পারার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত যুব সমাবেশে এ কথা বলেন তিনি।
ইলিয়াস আলীর গুম হওয়া, বাংলাদেশের ভূখন্ড থেকে ভারতভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সদস্যকে গোয়েন্দা সংস্থার গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার খবর এবং তিস্তার পানি না পাওয়া এর মধ্যে যোগসূত্র রয়েছে বলে দাবি করেন বিএনপির এ নেতা।
রফিকুল ইসলাম বলেন, ‘গণতন্ত্র না থাকা অবস্থায়ই এবং গণতান্ত্রিক অধিকারকে ছিন্ন করা হয়, ধ্বংস করা হয়, বিচারবর্হিভূত হত্যা হয় তাহলে সেই সমাজে আইনের শাসন থাকে না। ওই অবস্থায় সমাজে সন্ত্রাস বেড়ে যায়, জঙ্গীবাদও বেড়ে যেতে পারে। অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করেন। অন্যথা সন্ত্রাসবাদ যে সৃষ্টি হচ্ছে তা ভয়ঙ্কর রূপ হতে পারে।’
অবিলম্বে সব দলের অংশগ্রহণে নির্বাচন না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন রফিকুল ইসলাম মিয়া।