রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে সরকার এখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) ব্যবহার করে গুম-খুন, অপহরণ ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘মাওলানা ভাসানী ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
দেশ এখন কঠিন সঙ্কটে রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এমন অবস্থায় চুপ করে বসে থাকা যায় না।
তিনি অভিযোগ করেন, সরকারের নতজানু মনোভাবের কারণেই ভারতের সঙ্গে এখনো পর্যন্ত তিস্তা চুক্তি হয়নি।
এসময় দেশে এখন অরাজক পরিস্থিতি বিরাজ করছে দাবি করে এর জন্য সরকারের একনায়ক মনোভাবকে দায়ী করেন তিনি।
এদিকে, সরকারের জনসমর্থন নেই বলেই রাজনৈতিক সঙ্কটের সমাধানে আগ্রহী না হয়ে সরকার জোর করে ক্ষমতা আঁকড়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দলের আরেক নেতা হান্নান শাহ।
রাজধানীতে এক আলোচনায় হান্নান শাহ বলেন, সরকার তার গোপন এজেন্ডার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবেই রাজনৈতিক সঙ্কট তৈরি করে রেখেছে।