র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির দাবি নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্যে মিল রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে মানবাধিকার সংগঠনটি। মানবাধিকারের নামে রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
সেইসঙ্গে তারা অভিযোগ করেন, খালেদা জিয়া রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই নারায়ণগঞ্জ গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি সফল করতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
আয়োজনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা নিয়ে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না।
এ সময় মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রধানমন্ত্রীকে র্যাব ভেঙে দেওয়ার আহবান জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের খোলা চিঠির সমালোচনা করেন।
রাজধানীতে অপর এক আলোচনায় দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, হিউম্যান রাইটস ওয়াচ আন্তজার্তিক দুষ্ট চক্রের সঙ্গে জড়িত। আর খালেদা জিয়া মায়া কান্না করতেই নারায়ণগঞ্জ গিয়ে ছিলেন।
এদিকে, কারওয়ান বাজারে নিজ কার্যালয়ে র্যাবকে বিতর্কমুক্ত করতে সংস্কার প্রস্তাব দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।