সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) রক্ষী বাহিনীতে পরিণত করে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যা বের চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে গড়িমসি, দীর্ঘসূত্রতা এবং সরকারের আচরণের প্রসঙ্গ টেনে রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন, নিহতদের স্বজনরা ন্যায় বিচার পাবেন না। সরকার ক্ষমতায় টিকে থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুপ্তহত্যার মাধ্যমে সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে রেখেছে।
নারায়নগঞ্জে সাত খুনের ঘটনার তদন্তে সরকার ও র্যাব প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ করে তিনি আরো বলেন, গণশুনানির স্বাক্ষীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারের পতন নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।
এদিকে, গুম, খুন ও অপহরণের প্রতিবাদে সমাবেশ করতে না দেয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে বিজয় নগরে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল।