গুম-খুন-বিচার বর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির নাগরিক সমাবেশ অনিশ্চিত হয় পড়েছে। অনুমতি না থাকার কথা বলে অনুষ্ঠানস্থল থেকে দলীয় নেতাকর্মী ও ডেকোরেশনের কাজে নিয়োজিত কর্মীদের বের করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সমাবেশ হওয়ার কথা। অনুষ্ঠানের আয়োজক ঢাকা মহানগর বিএনপি। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
তবে সকালে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে মিলনায়তনের গেটে তালা লাগিয়ে দেয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশের পূর্ব অনুমতি না থাকায় তাদের বাধা দেয়া হয়েছে।
এর আগে সকাল ১১টা থেকে দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইন্সটিটিউশন মিলনায়তনে মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শুরু করে।
এ সময় সেখানে দলের নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরফত আলী সপু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, মিজানুর রহমানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।