সরকার চাইলে খুন-গুম বন্ধ করা সম্ভব বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ। এ জন্য পুলিশকে স্বাধীনতা দেওয়া ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি, খুন-গুম। এমন কোনো দিন নেই যে, রক্ত নেই। এটা কী বন্ধ করা যায় না?
তিনি আরো বলেন, যারা অপরাধী, যারা খুন-গুম করেন, তারা জানেন, তাদের কিছু হবে না। ওসি সাহেবের কাছে গেলে, একজন ফোন করে বলবেন, আমার লোক, ছেড়ে দাও। এফআইআর দিয়ো না। তাই পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এটা সরকারের দায়িত্ব। সরকার যদি চায়, তাহলে সব খুন-গুম বন্ধ করা সম্ভব।
সরকারের উদ্দেশে এরশাদ বলেন, পুলিশকে স্বাধীনতা দিন। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন। তাহলে খুন-গুম বন্ধ হয়ে যাবে।
এ সময় জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের মহাসচিবসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।