সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সারাদেশে আদালত বর্জনের ডাক দিয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
শনিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সভাপতি রফিকুল ইসলাম মিয়া এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় ৫ দিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মে সারাদেশে আইনজীবীদের বিক্ষোভ, ২৭ মে মানববন্ধন এবং ২৮ ও ২৯ মে কালো পতাকা মিছিল।
এর আগে নারায়ণগঞ্জে নিহত আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ খুনের ঘটনা ও সারাদেশে গুম-খুন-অপহরণের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশি বাধায় আইনজীবীদের সমাবেশ পণ্ড হয়। পূর্বনির্ধারিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
তবে সকাল থেকেই সুপ্রিম কোর্টের প্রধান ফটকসহ সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। আদালত চত্বর ও আশপাশ এলাকা থেকে ১৫ জনকে আটক করা হয়।