সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে সারাদেশে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বর্জনের সমর্থনে সুপ্রিমকোর্ট অঙ্গনে আইনজীবীরা মিছিল করছে। রোববার সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
কর্মসূচি সমর্থনে সকাল থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ-মিছিল শুরু করেন আইনজীবীরা। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন আইনজীবীদের আইন আইনি আন্দোলনে অংশগ্রহণ করতে না দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন।
উল্লেখ্য, দেশব্যাপী গুম, খুন ও অপহরণের প্রতিবাদে শনিবার সুপ্রিমকোর্টে পূর্ব ঘোষিত সমাবেশ করতে দেয়নি পুলিশ। পরে জাতীয় প্রেসক্লাবে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওই সমাবেশ থেকে রোববার সারাদেশে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করে আইনজীবী ফোরাম।
এছাড়া, ২৭ মে দেশের সব বারে মানববন্ধন এবং ২৮ ও ২৯ মে কালো পতাকা মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে।