বিএনপি ও এর নেতাদের মধ্যে পচন ধরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দেশরত্ন পরিষদ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে হাছান বলেন, ‘নিজের ও দলের গন্ধ নেন। নিজের দলে পচন ধরে উত্কট গন্ধ বেরোচ্ছে। নেতাদের মাঝে পচন ধরেছে। আপনি বলেছেন, শুদ্ধি অভিযান চালাবেন। এখনই ওই অভিযান চালিয়ে নিজের দলকে পচন থেকে রক্ষা করুন। যাদের কারণে আজ আপনার দলে পচন ধরেছে, তাদের সঙ্গ ত্যাগ করুন।’
তিনি আরো বলেন, আদালত চত্বরে সমাবেশ করতে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও খালেদা জিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করতে সেখানে সমাবেশ করতে চেয়েছিলেন। এজন্য তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। শুধু গুম-খুনের জন্যই নয়, দশম সংসদ নির্বাচন ঠেকাতে যেভাবে সহিংসতায় নেতৃত্ব দিয়েছেন বিএনপি নেত্রী, সেজন্য তাকেও বিচারের মুখোমুখি হতে হবে।
ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে বিএনপির প্রতি আহ্বান জানান এ আওয়ামী লীগ নেতা।