র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বিলুপ্তির দাবি তুলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে দেশরত্ন পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
র্যাবে কিছু খারাপ লোক থাকতে পারে— উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। তবে এ বাহিনী বিলুপ্ত করার কিছু নেই।
মন্ত্রী বলেন, ‘র্যাবের যে কর্মকাণ্ড, যে অতীত ঐতিহ্য, র্যাব যে কাজগুলো করেছে তা প্রশংসার দাবিদার। তারপরও কিছু খারাপ লোক থাকতে পারে. খারাপ কাজের ভাগিদারও তারা। এজন্য তাদের বিচার হচ্ছে, র্যাবকে আমরা সংশোধন করছি। তবে এ তদন্তগুলোতে আপনারা বাধার সৃষ্টি করছেন এতো কথাবার্তা বলে। তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন, বাধার সৃষ্টি করছেন বেশি কথাবার্তা বলে।’
এ সময় মুন্সিগঞ্জের জনসভায় খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তার কথা এখন আর কেউ বিশ্বাস করেনা। জনগণ তাদের আন্দোলনে সাড়া দেবে না।