দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শুক্রবার তার সমাধিতে দলের নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতেই সরকার বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে, গুম-খুনের ঘটনা ঘটাচ্ছে।
মানুষের স্বাভাবিক মৃত্যুরও কোনো নিশ্চয়তা নেই- মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, তিনি নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
ফখরুল বলেন, দেশে এখন গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র। ক্ষমতায় টিকে থাকতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন মির্জা ফখরুল।
চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে।
পরে খালেদা জিয়া মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন জায়গায় গরিব- দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।