জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিসিয়ারি খালেদা জিয়া— উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আর এজন্যই বিএনপি এ হত্যাকাণ্ডের বিচারে আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। বুধবার বিএনপি নেতাদের সাম্প্রতিক দেয়া বক্তব্যের প্রতিবাদে দলের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
পদের লোভে তারেক রহমানের ইহিতাস বিকৃত করে দেয়া বক্তব্য সমর্থন করছেন বিএনপি নেতারা বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
বিএনপি নেতাদের বক্তব্যকে বিভ্রান্তি ও দূরভিসন্ধি আখ্যা দিয়ে দলের হানিফ বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করতেই বিএনপির নেতারা এমন বক্তব্য দিচ্ছেন।
হানিফ বলেন, ‘এগুলো একাত্তরের পরাজিত শক্তি। সেই পাকিস্তান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য আজকে এ মূর্খ তারেক রহমান এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করাই এদের মূল লক্ষ্যে।’
বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে দাবি করে, এ আওয়ামী লীগ নেতা প্রশ্ন করেন ক্ষমতায় থাকাতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার কেন করেনি বিএনপি?
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া যে দু’ দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার সরকারি ভাইস প্রেসিডেন্ট সাত্তার সাহেব সেসময় ক্ষমতায় ছিলেন। তারা ক্ষমতায় থাকাকালীন কেন জিয়া হত্যার বিচার করেন নি? এটাই তো আজকে দেশবাসীর প্রশ্ন।’
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত না থাকলে তিনি কেনো খুনীদের পুরস্কৃত করেছিলেন? এমন প্রশ্ন তোলেন হানিফ। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি জিয়া হত্যার বিচার চায় না।
খাদ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানে বিচার এখন তারা চায় না। এ হচ্ছে আপনাদের অবস্থা।’